পাওনার শেষ কিস্তি বাকি মোহামেডানের ক্রিকেটারদের, দল-বদলে নীরব আবাহনীও

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজাতে তৎপর তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বিসিএল, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেটারদের ম্যাচ ফি অনেক বাড়ানো হয়েছে। হিসাব করে দেখা গেছে, প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি ফরম্যাটের এনসিএল খেলে আগামী বছর থেকে ক্রিকেটারদ...

ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজাতে তৎপর তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বিসিএল, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেটারদের ম্যাচ ফি অনেক বাড়ানো হয়েছে। হিসাব করে দেখা গেছে, প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি ফরম্যাটের এনসিএল খেলে আগামী বছর থেকে ক্রিকেটারদের দ্বিগুণ আয়ের ব্যবস্থা করেছে বিসিবি।

পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও জনপ্রিয় ওয়ানডে আসর ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর সম্ভাব্য দিনক্ষণও চূড়ান্ত করেছে ঢাকার ক্লাব ক্রিকেটের আয়োজক ও ব্যবস্থাপক সংস্থা সিসিডিএম।

সবকিছু ঠিক থাকলে আগামী বছর (২০২৭) ফেব্রুয়ারি মাসে ঢাকার ক্লাব ক্রিকেট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরুর সম্ভাব্য সূচি চূড়ান্তই নয়, প্রিমিয়ার লিগে আবারও বিদেশি ক্রিকেটার খেলানোর সিদ্ধান্ত হয়েছে। এমনকি কোন কোন মাঠে খেলা হবে, সেটিও ঠিক করে ফেলা হয়েছে। আয়োজক মহলের সম্ভাব্য প্রস্তুতির কথাও এরই মধ্যে গণমাধ্যমে এসেছে।

প্রিমিয়ার লিগ শুরুর দিনক্ষণ ও মাঠ চূড়ান্ত হওয়ার পর ক্রিকেট অনুরাগীদের কৌতূহল এখন প্রতিযোগী ক্লাবগুলোর প্রস্তুতি নিয়ে।

আগামী বছরের প্রিমিয়ার লিগে কোন দল কেমন করবে? দীর্ঘ ১৭ বছর পর প্রিমিয়ার লিগের ট্রফি ঘরে তোলা মোহামেডান ২০২৭ সালে কেমন দল গড়বে? আবারও কি চ্যাম্পিয়ন হওয়ার মতো দল তৈরি করবে সাদা-কালোরা?

রানার্সআপ আবাহনীর খবর কী? ফুটবলে শক্তিশালী দল সাজানো আকাশি-হলুদ শিবির কি এবারও ক্রিকেটে শক্তিশালী দল গড়বে? আগেরবার অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে না পারা প্রাইম ব্যাংকের খবর কী?

তালহা জুবায়েরের কোচিংয়ে আগামী বছর কেমন দল সাজাবে প্রাইম ব্যাংক?

লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থা কী? দেশের বাইরে থেকেও কোটি কোটি টাকা খরচ করে টানা প্রায় এক যুগ দল সাজানো লিজেন্ডস অব রূপগঞ্জের স্বত্বাধিকারী লুৎফর রহমান বাদল কি আবারও বড় বাজেটের দল গড়বেন?

এসব কৌতূহলী প্রশ্ন এখন অনেক ক্রিকেট অনুরাগীর মনেই উঁকি-ঝুঁকি দিচ্ছে।

ইতিহাস সাক্ষী, গত কয়েক বছর প্রিমিয়ার লিগ হয়েছে এপ্রিল-মে মাসে। তা সত্ত্বেও অন্তত চার-পাঁচ মাস আগে বেশির ভাগ দলই ক্রিকেটারদের দলে ভেড়ানোর কাজ সেরে রাখত। প্রায় ৬০ শতাংশ ক্রিকেটারকে ৩০ থেকে ৫০ শতাংশ অগ্রিম পেমেন্টও দিয়ে দলে টানার কাজ অনেকটাই সেরে ফেলত তারা।

কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, এবার পরিস্থিতি ভিন্ন।

ক্লাবপাড়ার খবর, ফুটবলে বেশ অর্থ খরচ করে দল গড়া দুই জনপ্রিয় দল মোহামেডান ও আবাহনী এখন পর্যন্ত ক্রিকেটে দল গড়ার কাজ শুরুই করেনি। আগেরবার একঝাঁক জাতীয় ক্রিকেটারকে দলে টেনে লিগ চ্যাম্পিয়ন হওয়া মোহামেডান এখন পর্যন্ত দল গঠনে হাতই দেয়নি।

ভেতরের খবর, ২০২৬ সালের ক্রিকেটারদের পারিশ্রমিকের উল্লেখযোগ্য একটি অংশ এখনো বাকি মোহামেডানের। এরই মধ্যে গত লিগের শেষ পেমেন্ট দেওয়ার দুটি তারিখও মিস করেছে মোহামেডান।

খোঁজ নিয়ে জানা গেছে, সাদা-কালো শিবিরে প্রায় দেড় থেকে দুই কোটি টাকার পেমেন্ট বাকি। বলে রাখা ভালো, বর্তমান ও সাবেক মিলিয়ে প্রায় ১০-১২ জন জাতীয় ক্রিকেটার ছিলেন মোহামেডান শিবিরে। গড়পড়তা ২০ লাখ টাকা করে পারিশ্রমিক বাকি থাকলেও তাদের প্রায় দুই কোটি টাকা পাওনা মোহামেডানের কাছে।

যেহেতু আগেরবারের পাওনাই শোধ হয়নি, তাই নতুন বছরের প্রথম পেমেন্টসহ মোহামেডানকে অন্তত তিন কোটি টাকা পারিশ্রমিক দিতে হবে।

আগামী ১৫ সেপ্টেম্বর গত লিগের পারিশ্রমিকের সর্বশেষ কিস্তি পরিশোধের কথা রয়েছে মোহামেডানের। ওই তারিখে পাওনা পরিশোধ করতে পারলে আগামীবারও মোহামেডান তারকায় ঠাসা দল গড়তে পারবে। কিন্তু প্রশ্ন হলো, এর আগে পরপর দুই দফা নির্ধারিত তারিখে পাওনা শোধ করতে না পারা মোহামেডান কি আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আগেরবারের পুরো পাওনা পরিশোধ করতে পারবে?

জাতীয় দলের ক্রিকেটার বেশি বলেই মোহামেডানের পেমেন্টও অনেক বেশি। এনামুল হক বিজয়, নাইম শেখ, পারভেজ ইমন, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, এবাদত হোসেন, মুশফিক হাসান, রিপন মণ্ডল প্রমুখ ক্রিকেটার ছিলেন মোহামেডানে। খুব স্বাভাবিকভাবেই তাদের পারিশ্রমিকও অনেক বেশি।

এর বাইরে লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর ৭০ লাখ টাকা বোনাস মানিও ঘোষণা করেছিল মোহামেডান। সেটিসহ প্রায় আড়াই কোটি টাকার পেমেন্ট বাকি।

এত বিপুল অঙ্কের অর্থ পরিশোধের পর আগামী বছরের জন্য ক্রিকেটারদের দলে টানতে অন্তত ২৫ শতাংশ অগ্রিম পেমেন্ট দিতে হবে মোহামেডান কর্তাদের। এত বিপুল পরিমাণ অর্থ জোগাড়ের কাজে ব্যস্ত মোহামেডানের ক্রিকেট কর্মকর্তারা। তাই কেউ নিশ্চিত করে বলতে পারছেন না, ২০২৭ সালে আসলে কেমন দল হবে মোহামেডানের।

তবে ভেতরের খবর, আগামী ১৫ সেপ্টেম্বর গত লিগের পেমেন্ট পরিশোধ করতে পারলে মোহামেডান ২০২৭ সালের জন্য দল গড়ার কাজ শুরু করবে।

জানা গেছে, ২০২৬ সালের লিগে সে অর্থে পারফর্ম করতে না পারা মোহামেডান এবার পেস বোলার তাসকিন আহমেদ ও লেগস্পিনার রিশাদ হোসেনকে নাও রাখতে পারে। তাদের বদলে সিটি ক্লাবের পেস বোলিং অলরাউন্ডার গাফফার সাকলাইন ও প্রাইম ব্যাংকের স্পিনার আলিস আল ইসলামকে নেওয়ার কথা ভাবছে মোহামেডান। বাকিদের কারও দল ছাড়ার সম্ভাবনাও কম।

এদিকে রানার্সআপ আবাহনীরও এখন পর্যন্ত দল গঠনে তৎপরতা চোখে পড়েনি। কথা বলে জানা গেছে, আবাহনী এখন পর্যন্ত দল গড়ার মিশনে নামেনি।

মোহামেডানের মতো অত মোটা অঙ্কের পেমেন্ট বাকি না থাকলেও আবাহনী থেকে কয়েকজন তরুণ ও উদীয়মান ক্রিকেটারের দল ছাড়ার কথা শোনা যাচ্ছে। এর মধ্যে স্পিনিং অলরাউন্ডার মেহরবের প্রাইম ব্যাংকে যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছে।

গত লিগের চ্যাম্পিয়ন মোহামেডান ও রানার্সআপ আবাহনী এখন পর্যন্ত দল গঠনে খানিকটা নীরব ও নিষ্ক্রিয় থাকলেও ভেতরে ভেতরে প্রাইম ব্যাংক ও সিটি ক্লাব এরই মধ্যে ভালো দল গঠনের মিশনে নেমে পড়েছে।

আগেরবার মোহামেডানকে হারিয়েও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে না পারা প্রাইম ব্যাংক গতবারের বেশির ভাগ ক্রিকেটারকে ধরে রাখার পাশাপাশি এবার কয়েকজন তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারকে দলে নেওয়ার কাজ সেরে ফেলেছে বলে জানা গেছে।

খবর নিয়ে জানা গেছে, আগেরবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে নজরকাড়া ড্যাশিং ওপেনার হাবিবুর রহমান সোহান ও আশিকুর রহমান শিবলীর এবার প্রাইম ব্যাংকে খেলা মোটামুটি নিশ্চিত। হাবিবুর রহমান সোহান জাগো নিউজকে প্রাইম ব্যাংকে যোগ দেওয়ার কথা জানিয়েছেন।

এদিকে ক্লাবপাড়ার খবর, প্রাইম ব্যাংকের পাশাপাশি সিটি ক্লাবও ইতিমধ্যে ভালো দল সাজানোর কাজ শুরু করেছে। বেশ কয়েকজন মেধাবী ক্রিকেটারের সঙ্গে দলটির কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলেও শোনা যাচ্ছে।

এদিকে গত এক যুগ ভালো দলের তকমা গায়ে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ এবার নাকি আগের মতো ভালো দল গড়বে না, এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ক্লাবপাড়ায়।

দেখা যাক, শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গড়ায়!

এআরবি/আইএন

Original Source
https://www.jagonews24.com/sports/cricket/1156294
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World