বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪
চাঁদপুরে মতলব-গৌরীপুর সড়কে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন সাদিয়া আক্তার (২৬) নামে অটোরিকশার এক যাত্রী। এতে অটোরিকশার চালকসহ আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ উপজেলায় মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা বড় বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বাস চালক কাউসারকে আটক করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ জানায়, ঢাকাগামী জৈনপুর পরিবহন (ঢাকা-মেট্রো-ব- ১১-৪০৪৩) বাস সার্ভিসের চাপায় ইজিবাইকে থাকা সাদিয়া আক্তার নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত চারজন হলেন- মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকার ইজিবাইক চালক রোমান হোসেন (৪৫), খাদেরগাঁও ইউনিয়নের ওই ঘিলাতলী গ্রামের গাজী বাড়ির খোরশেদা বেগম (৫৮), জিলানী (২৮) ও পারভীন (৪০)। এরা দুর্ঘটনায় নিহত সাদিয়ার শাশুড়ি, দেবর ও স্বামীর বড় বোন। সাদিয়ার স্বামী সৌদি প্রবাসী ইসমাইল হোসেন। তার ৪ বছরের এক কন্যা সন্তান আছে।
নিহতের স্বজন মো. ইয়াছিন মিয়া জানান, আমার জেঠাতো ভাই রহুল আমিনের মা রাজিয়া (৫০) শুক্রবার রাতে মারা যায়। শনিবার সকাল ৮টায় তার জানাজা ও দাফন কাফনের সময় দেওয়া হয়েছিল। সকাল ৬টার দিকে তারা আমাদের বাড়ির সামনে এলে, বিপরীত দিক থেকে আসা জৈনপুর পরিবহনের একটি বাস তাদের ইজিবাইককে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাস চালককে আটক করা হয়েছে এবং ওই বাসটি জব্দ করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শরীফুল ইসলাম/কেজে/এএসএম


