মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভূত কাণ্ড, বিস্মিত সবাই
পারিবারিক আয়োজন, চারপাশে হাসি-আনন্দ। ছোট্ট মেয়েকে ঘিরে স্বজনদের ব্যস্ততা। চলছে জন্মদিনের গান। এমন আবেগঘন মুহূর্তে সাধারণত পরিবারের সবাই যখন একসঙ্গে উদযাপনে মেতে ওঠেন, তখন সবার নজর থাকে শিশুটির দিকেই। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের ক্ষেত্রে ঘটল একটু ভিন্ন ঘটনা। মেয়ের ছয় মাস পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘হ্যাপি বার্থডে’ গাওয়ার সময়ই তাকে দেখা গেল ফোনে ব্যস্ত থাকতে।
নেইমার ও ব্রুনা বিয়ানকার্দির মেয়ে মেলের ছয় মাস পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল বিশেষ উদযাপনের। অনুষ্ঠানের নানা মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। তবে এর মধ্যে একটি দৃশ্যই সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে।
পরিবারের সবাই যখন ছোট্ট মেলের জন্য ঐতিহ্যবাহী ‘হ্যাপি বার্থডে’ গান গাইছিলেন, তখন নেইমারকে দেখা যায় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতে। পরে জানা যায়, সেই সময় তিনি ফোনে পোকার খেলছিলেন।
ব্যাপারটি খুব বেশি সময়ের কোনো ঘটনা ছিল না; কিন্তু ঠিক যে মুহূর্তে পরিবারের সবাই শিশুটিকে ঘিরে উদযাপনে মেতে উঠেছিলেন, সেই সময় নেইমারের ফোনে ব্যস্ত থাকার দৃশ্যই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তার এ ঘটনায় সবাই বিস্মিত, অবাক।
কেউ দেখছেন মজার বিষয়, কেউ বলছেন ‘রেড ফ্ল্যাগ’
নেইমারের ওই মুহূর্তের ভিডিও বা ছবি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতিক্রিয়া অবশ্য একরকম নয়। কেউ বিষয়টিকে নিছক মজার ঘটনা হিসেবে দেখেছেন। তাদের মতে, পরিবারের অনুষ্ঠানে উপস্থিত থেকেও নিজের ফোনে কিছু সময় বিনোদন নেওয়ায় এমন কিছু ঘটেনি।
Neymar celebra los 6 meses de su hija mientras juega al Poker pic.twitter.com/hnHorSRug0
— Som I Serem FCB (@Somhiseremfcb) September 11, 2026
কেউ কেউ বরং নেইমারের এই আচরণকে তার স্বভাবসুলভ ‘মাল্টিটাস্কিং’ হিসেবে দেখেছেন। তাদের যুক্তি, তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবারের সঙ্গেও ছিলেন- একই সঙ্গে ফোনে একটি গেম খেলেছেন, এর বেশি কিছু নয়।
একটি অংশের ব্যবহারকারীর আপত্তি ছিল নেইমারের ফোন ব্যবহারের সময় নিয়ে। তাদের প্রশ্ন, মেয়ের ছয় মাস পূর্তির মতো বিশেষ একটি মুহূর্তে যখন সবাই শিশুটিকে ঘিরে গান গাইছেন, তখন নেইমারেরও কি সেই মুহূর্তে পুরোপুরি পরিবারের সঙ্গে থাকা উচিত ছিল না?
এই কারণেই কেউ কেউ ঘটনাটিকে ‘রেড ফ্ল্যাগ’ হিসেবেও মন্তব্য করেছেন। তাদের মতে, বিষয়টি ফোন ব্যবহার করা নয়, বরং পারিবারিক উদযাপনের গুরুত্বপূর্ণ মুহূর্তে কী করছিলেন- সেটিই মূল প্রশ্ন।
নেইমার যে সময় ফোনে ছিলেন, তখন তিনি পোকার খেলছিলেন- এই তথ্য সামনে আসার পর আলোচনায় যোগ হয়েছে আরেকটি বিষয়। সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ব্যবহারকারী ঘটনাটিকে নেইমারের জুয়ার প্রতি সম্ভাব্য আগ্রহের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন। যদিও এই একটি ঘটনার ভিত্তিতে নেইমারের জুয়া-সংক্রান্ত কোনো সমস্যার অস্তিত্ব নিশ্চিত করার মতো তথ্য নেই।
অন্য একটি ভিডিওতেই আবার আলোচনায় নেইমার
নেইমারকে ঘিরে পুরোনো এই দৃশ্যটি নতুন করে আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওকে কেন্দ্র করে। সেখানে নেইমারের সাবেক সঙ্গী ও বর্তমান সঙ্গীকে একসঙ্গে রান্না করতে দেখা গেছে। সেই ভিডিও ঘিরে নানা আলোচনা শুরু হওয়ার পর ব্যবহারকারীদের কেউ কেউ আবার নেইমারের মেয়ের ছয় মাস পূর্তির অনুষ্ঠানের ওই দৃশ্যটি সামনে এনেছেন।
তবে দুটি ঘটনার সময় এক নয়। রান্নার ভিডিওটি নিয়ে নতুন করে আলোচনা হলেও নেইমারের ফোনে পোকার খেলার দৃশ্যটি আগের একটি অনুষ্ঠানের।
ইনজুরিতে মাঠের বাইরে নেইমার
এরই মধ্যে চোটের কারণে মাঠের বাইরেও রয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার। সান্তোসে ফিরে আসার পর ক্লাবটির সঙ্গে চুক্তি ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছেন নেইমার।
সেপ্টেম্বরের শুরুতে পালমেইরাসের বিপক্ষে ম্যাচে ডান হ্যামস্ট্রিংয়ে গ্রেড-২ চোট পান তিনি। সান্তোসের মেডিকেল রিপোর্ট অনুযায়ী, তার সুস্থ হতে চার থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে।
ফলে ক্লাবটির গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও আপাতত তাকে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না তিনি।
মাঠে চোটের কারণে অনুপস্থিতির মধ্যেই ব্যক্তিগত জীবনের একটি ছোট্ট মুহূর্ত আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
আইএইচএস/