পাবনার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে পৌরসভা-স্কয়ার-ব্র্যাকের চুক্তি

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
পাবনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে পৌরসভা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ব্র্যাকের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। পাবনা পৌরসভার আয়োজনে স্কয়ার ফার্মাসিউটিক্...

পাবনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে পৌরসভা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ব্র্যাকের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। পাবনা পৌরসভার আয়োজনে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ব্র্যাকের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পাবনা শহরে প্রতিদিন গড়ে প্রায় ১০৩ টন বর্জ্য উৎপন্ন হয়। বর্তমানে আংশিক সংগ্রহ ব্যবস্থা এবং সরাসরি ল্যান্ডফিলে বর্জ্য ফেলার কারণে ড্রেন ও ইছামতি নদীতে ময়লা জমে জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক কাঠামোর ঘাটতি রয়েছে।

উদ্যোগটির প্রাথমিক কর্মপরিকল্পনায় রাস্তার মোড়ে মোড়ে শক্তিশালী ও ঢাকনাযুক্ত কমিউনিটি বিন স্থাপন, বর্জ্য ফেলার নির্দিষ্ট সময় নির্ধারণ, স্কুল ও কাঁচাবাজারে সচেতনতামূলক প্রচার এবং স্থানীয় মানুষের মাধ্যমে ডাস্টবিন ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে ৬ মাসের কর্মপরিকল্পনায় বর্জ্য ব্যবস্থাকে সুশৃঙ্খল করার মাধ্যমে তিন থেকে ছয় মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ উদ্যোগে পাবনা পৌরসভা সেবা কর্তৃপক্ষ ও অবকাঠামো নিয়ন্ত্রক হিসেবে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস আঞ্চলিক অংশীদার হিসেবে এবং ব্র্যাক সিস্টেম আর্কিটেক্ট ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালন করবে বলে আগের যৌথ সভায় জানানো হয়।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারি উদ্যোগের আশায় না থেকে আমরা নিজেরাই যদি আমাদের প্রত্যাশা পূরণে উদ্যোগ নিতে পারি, নিজেদের উদ্যোগকে সূত্রবদ্ধ করে একটি কর্মে পরিণত করতে পারি, তাহলে সেটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বলেন, প্রায় দুইশ বছরের পুরোনো পাবনা পৌরসভাকে ঘিরে আগামী একশ বছরের একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। নানা ক্ষেত্রে পিছিয়ে পড়েছিলাম। আমাদের সৌভাগ্য, বাংলাদেশ পরিবর্তনের একটি গেটওয়েতে গেছে। তার সঙ্গে পাবনাও এগিয়ে যাচ্ছে।

পাবনা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনার এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাড. একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিষু, পুলিশ সুপার আবু আশ্রাফ, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল গাফফার খান, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও ব্র্যাকের পরিচালক লিয়াকত আলী।

আলমগীর হোসাইন নাবিল/এসজেডএইচ

Original Source
https://www.jagonews24.com/country/news/1156491
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World