ঢাকা দক্ষিণ সিটির জনগণ বঞ্চিতদের তালিকায় শীর্ষে: ফজলুল করীম মারুফ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনগণ বঞ্চিতদের তালিকায় শীর্ষে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।
তিনি বলেন, বাংলাদেশে নবজাতক থেকে শুরু করে বয়সের ভারে নুয়ে পড়া বয়োবৃদ্ধ, সবাই নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শিশুর মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে এদেশের পরিবেশ পরিস্থিতি। ফলে অধিকারবঞ্চিতরা দেশের সম্পদ না হয়ে বোঝায় পরিণত হচ্ছে। বিশেষ করে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনগণ বঞ্চিতের তালিকায় শীর্ষে অবস্থান করছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) নগর দক্ষিণের আওতাধীন যাত্রাবাড়ীর ৬৩ নম্বর ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ফজলুল করীম মারুফ এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক প্রভাষক শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই মেয়র পদপ্রার্থী বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ, ডায়রিয়া, জলাবদ্ধতা, যানজট, ছিনতাই, রাহাজানি প্রভৃতির প্রভাবে নগর জীবন বিপর্যস্ত। আমরা নির্বাচিত হলে জনগণ নাগরিক সুবিধার সর্বোচ্চ পাবে ইনশাআল্লাহ।’
তিনি অভিযোগ করেন, জনগণ ট্যাক্স দেয় নাগরিক সুবিধা পাওয়ার আশায়। তারা গ্যাসের বিল দিচ্ছে কিন্তু গ্যাস নেই। মাস শেষে বিলের বোঝা নগর জীবনকে অতিষ্ঠ করে তুলছে। যারা প্রশাসকের দায়িত্বে আছেন, তাদের কাজকর্মে নাগরিকের প্রতি দায়বদ্ধতার ছাপ লক্ষ্য করা যাচ্ছে না। দায়বদ্ধতার জায়গা থেকে জনগণকে সাবলীল জীবনযাপনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, জনগণ যেভাবে তাদের আহ্বানে সাড়া দিচ্ছে, তাতে আগামী সিটি করপোরেশন নির্বাচনে সমর্থন জানিয়ে তাদের মেয়র প্রার্থীকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
এমইউ/একিউএফ

