এডিস মশার লার্ভা নিধনে ডিএনসিসির অভিযান, জরিমানা ৫০০ টাকা
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার লার্ভা নিধনে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
অভিযানে বিমানবন্দর এলাকার একটি দোকানে এডিস মশার লার্ভা পাওয়ায় দোকানিকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউ, বিমানবন্দর এলাকা, মনিপুরী পাড়া, রাজাবাজার, লালমাটিয়া, ইকবাল রোড, হুমায়ুন রোড, মোহাম্মদপুর ও আগারগাঁওসহ ডিএনসিসির বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসিসি সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধে নগরীর ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে একযোগে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে মশক সুপারভাইজার, মশককর্মী, বিএনসিসি ও স্কাউট সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে সোর্স রিডাকশন, লার্ভিসাইডিং ও ছাদবাগান পরিদর্শন করেন।
এছাড়া জনসচেতনতা তৈরিতে মাইকিং, নোবালিউরন ট্যাবলেট প্রয়োগ ও লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
দিনব্যাপী এ কর্মসূচিতে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে মোট ২৪টি দল অংশ নেয়। অভিযানে মশক কর্মীসহ প্রায় এক হাজার ৫০০ জন কর্মী মাঠপর্যায়ে কাজ করেন।
ডিএনসিসি জানায়, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমই নয়, নগরবাসীর সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
এমএমএ/এমএএইচ/


