নোয়াখালী পৌর বণিক সমিতির সভাপতি আপেল, সম্পাদক মুকুল
নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচনে আব্দুল মোতালেব আপেল সভাপতি ও মো. মনিরুল ইসলাম মুকুল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ভোটগ্রহণ শেষে রাতে উৎসবমুখর এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
নির্বাচনে সমিতির দুই হাজার ৮৯ জন ভোটারের মধ্যে এক হাজার ৬২৪ জন ভোটার সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিজয়ীদের মধ্যে সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল ৮৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম পেয়েছেন ৭৩৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম মুকুল এক হাজার ১৬৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম রায়হান পেয়েছেন ৪২০ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে হারুন নূর রশিদ খান ৬৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য সহ-সভাপতি পদে মোয়াজ্জেম হোসেন ৬০৫ ভোট পেয়ে বিজয়ী হন। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান ৮১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ১৯টি পদের মধ্যে আগেই ১১টি পদে আব্দুল মোতালেব আপেল ও সিরাজুল ইসলাম রায়হান পরিষদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি আটটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এদিকে দীর্ঘ ২৩ বছর পর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নোয়াখালীর ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ব্যবসায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
নবনির্বাচিত সভাপতি আব্দুল মোতালেব আপেল জাগো নিউজকে বলেন, আজকের সুশৃঙ্খল নির্বাচনে আমরা নয়, ভেটাররা জয়ী হয়েছেন। সবাই মিলে একসঙ্গে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ।
ইকবাল হোসেন মজনু/এমআইএইচএস


