ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন ‘ট্র্যাব বার্তা’
অবশেষে প্রকাশিত হলো বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের বহুল প্রতীক্ষিত ম্যাগাজিন ‘ট্র্যাব বার্তা’। শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করা হয়।
২০২৪ সালের ২৭ অক্টোবর পথচলা শুরু করে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন। প্রতিষ্ঠার পর থেকেই দেশের পরিবহন খাত, সড়ক যোগাযোগ, যানবাহন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, সড়ক নিরাপত্তা এবং পরিবহন সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরার কাজ করে আসছে সংগঠনটি। একই সঙ্গে পেশাগত সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারেও নিরলস ভূমিকা রাখছে তারা।
প্রতিষ্ঠার দুই বছরের মাথায় সংগঠনের সদস্যদের পরামর্শ, সহযোগিতা ও অক্লান্ত প্রচেষ্টায় ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্তটি বাস্তবে রূপ নেয়। নানা প্রতিকূলতা ও দীর্ঘ প্রস্তুতির পর কাঙ্ক্ষিত সেই শুভ মুহূর্তে শনিবার সংগঠনের সাধারণ সম্পাদক সহ অন্য সদস্যরা একত্রিত হয়ে ম্যাগাজিনটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন।
মোড়ক উন্মোচনকালে উপস্থিত সদস্যরা জানান, এটি কেবল একটি প্রকাশনা নয় বরং এটি পরিবহন খাত ও পরিবহন সাংবাদিকতার সার্বিক চিত্র তুলে ধরার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব করতে গণমাধ্যমের ভূমিকা জোরদার করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ম্যাগাজিন প্রকাশের সার্বিক দিক ও প্রেক্ষাপট তুলে ধরেন। দীর্ঘদিনের এই স্বপ্ন ও প্রচেষ্টাকে সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় সাংবাদিক নেতা ও সদস্যরা ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা ও ঐক্যের মাধ্যমে ম্যাগাজিনটি আত্মপ্রকাশ করা সংগঠনের পথচলায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তাদের প্রত্যাশা ভবিষ্যতে এই প্রকাশনাটি পরিবহন খাতের ইতিবাচক উন্নয়নের পাশাপাশি অনিয়ম, অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের খবর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রকাশ্যে আনতে কার্যকর ভূমিকা রাখবে।
দীর্ঘদিনের স্বপ্নপূরণের মধ্য দিয়ে এই ম্যাগাজিন প্রকাশ বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমে এক নতুন ও ইতিবাচক মাত্রা যোগ করলো বলে মত প্রকাশ করেছেন সংগঠনটির সদস্যরা।
এসএনআর


