নথি পাঠানো ও গ্রহণে হাইকোর্ট প্রশাসনের নতুন নির্দেশনা
বিভিন্ন শাখা থেকে নথি যথাযথভাবে আদালতে পাঠানো ও গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের সই করা নির্দেশনায় বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিভিন্ন শাখা থেকে সংশ্লিষ্ট আদালতে নথি প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে মুভমেন্ট রেজিস্টারে এন্ট্রি দেওয়ার পাশাপাশি পিয়ন বহির মাধ্যমে তা প্রেরণ ও গ্রহণের বিধান রয়েছে।
তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ অফিসার বা সহকারী বেঞ্চ অফিসাররা পিয়ন বহিতে প্রাপ্তি স্বীকার হিসেবে স্বাক্ষর না করেই প্রায়ই নথি গ্রহণ ও প্রেরণ করছেন। এর ফলে নথি ব্যবস্থাপনায় ঝুঁকি, বিশৃঙ্খলা এবং প্রশাসনিক কার্যক্রমে জটিলতা সৃষ্টি হচ্ছে।
এ অবস্থায়, হাইকোর্ট বিভাগের শাখাগুলো থেকে সংশ্লিষ্ট আদালতে নথি প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে পিয়ন বহিতে যথাযথ প্রাপ্তি স্বীকার স্বাক্ষর করে নথি প্রেরণ ও গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের প্রতি এই নির্দেশনা জারি করা হয়।
এফএইচ/এসএনআর


