একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ, ফল বুধবার
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনপ্রক্রিয়া শেষ হচ্ছে আজ রোববার (১৩ সেপ্টেম্বর)। রাত ৮টা পর্যন্ত এ আবেদন করা যাবে।
আবেদনপ্রক্রিয়া শেষে এসএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের কলেজ মনোনয়ন দেওয়া হবে। এ ফল প্রকাশ করা হবে আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর)।
গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি করা হবে। এজন্য কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
অনলাইন আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। এ প্রক্রিয়ায় একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন।
ভর্তি নীতিমালা ও বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।
আবেদন, ফল প্রকাশ, শিক্ষার্থী নির্বাচন, নিশ্চায়ন ও মাইগ্রেশন প্রক্রিয়ার পর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
এএএইচ/একিউএফ



