অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ, কনস্টেবলসহ গ্রেফতার ২
অভিযানের নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি স্বর্ণ নিয়ে আত্মসাতের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে পুলিশের এক কনস্টেবলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স থেকে কনস্টেবল জাকির হোসেন ও নিজ বাড়ি থেকে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ৮ আগস্ট ৪০ ভরি স্বর্ণ চাঁপাইনবাবগঞ্জে পৌঁছে দেওয়ার দুই মিনিটের মধ্যে কনস্টেবল জাকির হোসেনসহ দুজন সেখানে গিয়ে পুলিশ পরিচয়ে স্বর্ণগুলো নিয়ে যান বলে অভিযোগ ওঠে। পরে জাকির ছুটিতে চলে যান। কর্মস্থলে ফেরার পর তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। মামলার পর সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাকির হোসেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির অধীনে অফিসার্স মেসে কর্মরত ছিলেন। অভিযোগ ওঠার পর তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছিল। অপর আসামি মোহাম্মদ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলমপুর এলাকার বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে রাতেই দুজনকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ আলীর কাছ থেকে সাড়ে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণ উদ্ধারে কার্যক্রম চলছে।
পুলিশের একাধিক সূত্রের দাবি, রাজশাহী থেকে গলানো স্বর্ণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নেওয়া হচ্ছিল। স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সোহান মাহমুদ/এফএ


