কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদি ঢামেকে মারা গেছেন
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে আব্দুল বারেক (৭০) নামের এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল শনিবার রাতে অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিলে রাতেই সিসিইউতে ভর্তি করা হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কারারক্ষী উজ্জল হোসেন জানান, আব্দুল বারেক রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাতেই ভর্তি দেওয়া হয় সিসিইউতে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
তিনি জানান, আব্দুল বারেকের কয়েদি নম্বর ৩০০/২৬। তিনি নেত্রকোনার মৃত আব্দুল খালেকের সন্তান। তবে কী মামলায় তিনি কারাবন্দি ছিলেন এ বিষয়টি জানা নেই।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কাজী আল-আমিন/এমকেআর



