বাংলাদেশের ভবিষ্যৎ শিল্পের সক্ষমতা নির্ভর করবে দক্ষ মানবসম্পদের ওপর

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ক্রমেই দক্ষ মানবসম্পদ, হাতে-কলমে শিক্ষা এবং ব্যবসাবান্ধব পরিবেশের ওপর নির্ভর করবে। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার গুলশানে বিসিসিসিআই কার্যালয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়...

বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ক্রমেই দক্ষ মানবসম্পদ, হাতে-কলমে শিক্ষা এবং ব্যবসাবান্ধব পরিবেশের ওপর নির্ভর করবে।

গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার গুলশানে বিসিসিসিআই কার্যালয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের আট শিক্ষার্থীর সম্মানে আয়োজিত প্রি-ডিপারচার সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষার্থীরা চীনের ঝেজিয়াং এগ্রিকালচারাল বিজনেস কলেজে কারিগরি প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব বাংলাদেশের টেক্সটাইল খাতের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিসিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের ব্যক্তিগত উদ্যোগের প্রশংসা করেন।

বাণিজ্য সচিব বলেন, এ ধরনের সময়োপযোগী ও অনুকরণীয় উদ্যোগ বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে টেক্সটাইল খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বেসরকারি খাতের নেতৃবৃন্দের এমন উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষা গ্রহণের মূল্যবান সুযোগ তৈরি করে এবং জাতীয় স্বার্থে অনুরূপ উদ্যোগ নিতে অন্য ব্যবসায়ী নেতাদেরও উৎসাহিত করবে।

তিনি বলেন, এ ধরনের কর্মসূচি শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে কারিগরি জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে নীতিগত আলোচনা ও বাস্তবায়নের মধ্যকার দূরত্ব কমাতেও এসব কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)- এর সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম আশা করেন, এ উদ্যোগ শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার এবং বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে কারিগরি জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরিতে দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিসিসিসিআই সভাপতি বলেন, বিশ্বের ৪৬টি দেশের শিল্পকারখানা পরিদর্শনের অভিজ্ঞতা থেকে পরিচ্ছন্ন উৎপাদন পরিবেশ, কর্মক্ষেত্রে নিরাপত্তা, জ্বালানি দক্ষতা এবং আধুনিক উৎপাদন প্রযুক্তিসহ বৈশ্বিক সর্বোত্তম চর্চা অনুসরণের গুরুত্ব উপলব্ধি করা যায়।

তিনি চীনে প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের এ সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করার আহ্বান জানান। চীনের শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা ও আধুনিক কর্মপদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করে তা দেশে ফিরিয়ে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের উন্নয়ন ও আধুনিকায়নে কাজে লাগানোর পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিসিসিসিআইয়ের এ উদ্যোগের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। চীনে প্রশিক্ষণে যেতে যাওয়া এনআইটিইআরের শিক্ষার্থীরা তাদের অনুভূতি ও প্রত্যাশার কথাও তুলে ধরেন।

আইএইচও/কেএসআর

Original Source
https://www.jagonews24.com/economy/news/1156729
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Economy