চট্টগ্রামে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মৃত দুই নারী হলেন- অর্পিতা (২৬) ও শামসুন নাহার খানম (৫০)। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, দুজনই ডেঙ্গুর মারাত্মক জটিলতা ‘এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোমে’ আক্রান্ত ছিলেন।
অর্পিতা চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকার বাসিন্দা। তিনি ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ১১ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।
অন্যদিকে, শামসুন নাহার খানম আগ্রাবাদ এলাকার বাসিন্দা। গত ১১ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। এর আগে অন্য একটি হাসপাতালে তার ডেঙ্গু শনাক্ত হয়েছিল।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১০ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৩ জনে। এর মধ্যে সরকারি হাসপাতালে ২ হাজার ৪৫৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪২৬ জন চিকিৎসা নিয়েছেন।
এদিকে, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মারা যাওয়া ১২ জনের মধ্যে বেসরকারি হাসপাতালে আটজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একজন মারা গেছেন।
এমআরএএইচ/এএমএ

