‘খেলা হবে ডিসেম্বরে’ লেখা ব্যানার নিয়ে ককটেল বিস্ফোরণ, সাভারে আটক ৮
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় আটজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, এদিন দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের (বিপিএটিসি) সামনের এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- কুড়িগ্রাম জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া (২৪), মিছিলে লোক সংগ্রহকারী মো. রিয়াদ (১৮), মো. সোয়াদ (১৮), মো. মাসুম (১৮), সাভার কলেজের শিক্ষার্থী মো. জিন্নাত (১৯), গার্মেন্টস কর্মী ইসমাইল হোসেন (২০), মোজার ফ্যাক্টরি কর্মী মো. তামিম সিকদার (১৮) এবং জুতার দোকানের বিক্রয়কর্মী মো. সাকিন ইসলাম (১৮)। আটকরা সাভার ও আশুলিয়া এলাকার বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, রোববার বেলা ১টার দিকে সাভারের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের (বিপিএটিসি) সামনের ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় অর্ধ শতাধিকের একটি দল ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করে। মিছিল চলাকালে মহাসড়কের পাশে একটি ককটেল ফুটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ সাইদুর ইসলাম বলেন, মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এই ঝটিকা মিছিল বের করেছিল। এ সময় তারা সড়কে ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছিল। পরে খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলমান বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
মাহফুজুর রহমান নিপু/এএমএ

