‘স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে জনগণ প্রস্তুত’
সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি, সমঝোতা বা ‘ইঞ্জিনিয়ারিং’ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক বিভাগ, নির্বাচন ও জনপ্রতিনিধি বিভাগ, ছাত্রী ও মহিলা বিভাগ এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিভাগ আয়োজিত জরুরি সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘১২ ফেব্রুয়ারি সমঝোতার নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। সাত মাস পার হলেও তারা কোনো স্থানীয় নির্বাচন দেওয়ার সাহস করছে না। জনগণ জাতীয় নির্বাচনে সমঝোতা ও ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি মনে রেখেছে।’
তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দেশের জনগণ সমঝোতা ও ইঞ্জিনিয়ারিংকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে প্রস্তুত। দ্রুত স্থানীয় নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি দলীয় প্রশাসক বসালেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিবাদী লোকজন এখনো রয়েছে। দ্রুত আওয়ামী লীগ মদদপুষ্ট লোকদের সিটি করপোরেশন থেকে অপসারণ করতে হবে।
নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সভায় নগর ও বিভিন্ন বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম।
এমইউ/এমআইএইচএস



