অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে মামলার অনুমোদন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
প্রায় ১৪ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। দুদকের অভিযোগে বলা হ...

প্রায় ১৪ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

দুদকের অভিযোগে বলা হয়, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আয়কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৭০ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে।

দুদকের অনুসন্ধানে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত আ জ ম নাছির উদ্দিনের ২ কোটি ৩০ লাখ ১৮ হাজার ৯১০ টাকার স্থাবর সম্পদ এবং ২৬ কোটি ৩৮ লাখ ১ হাজার ২৮৫ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। একই সময়ে তার ৬ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৮ টাকার দায়-দেনার তথ্যপ্রমাণ পাওয়া যায়।

দায়-দেনা বাদ দিলে ওই সময় পর্যন্ত তার নিট সম্পদের মূল্য দাঁড়ায় ২২ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ১৮৭ টাকা। এছাড়া তিনি পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় করেছেন ১৮ কোটি ১২ লাখ ৫৫ হাজার ৬৪৮ টাকা। ফলে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত তার মোট অর্জিত সম্পদের মূল্য দাঁড়ায় ৪০ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ৮৩৫ টাকা।

অন্যদিকে একই সময় পর্যন্ত আ জ ম নাছির উদ্দিনের গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২৬ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ২৬৫ টাকা বলে অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে। সেই হিসাবে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মূল্য ১৩ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৭০ টাকা।

দুদকের অভিযোগে বলা হয়, আ জ ম নাছির উদ্দিন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত ওই সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করে ভোগদখলে রেখেছেন। অনুমোদিত মামলায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এসএম/এমআইএইচএস

Original Source
https://www.jagonews24.com/national/news/1157045
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World