টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
টাঙ্গাইলের সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলার এখলাস হায়াত সরোয়ার, পৌর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মজনু এবং যুবলীগ নেতা আবদুর রাজ্জাক।
এর আগে রোববার বিকেলে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের একটি এলাকায় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটির ভিডিও সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাতেই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের অভিযান ও গ্রেফতারের সঙ্গে ছাত্রলীগের বের করা ঝটিকা মিছিলের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ আলাদাভাবে কিছু জানায়নি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, নিয়মিত অভিযানে বৈষম্যবিরোধী মামলার অজ্ঞাতনামা তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে রিমান্ড চেয়ে আসামিদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
আব্দুল্লাহ আল নোমান/এসজেডেএইচ/এএসএম

