পাকিস্তানের ১৬ পয়েন্ট থেকে ১১ পয়েন্টই কেটে নিল আইসিসি
ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এবার তাদের জরিমানা করল আইসিসি। তৃতীয় টেস্টে মন্থর বোলিংয়ের কারণে পুরো দলকে শাস্তি দেওয়া হয়েছে। তাদের ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি পয়েন্টও কেটে নেওয়া হরো বাবর আজমদের। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে বাবর আজমরা। তাতে লজ্জা বেড়েই চলেছে পাকিস্তানের।
আইসিসি জানিয়েছে, বাড়তি সময় দেওয়ার পরেও ১১ ওভার কম করেছে পাকিস্তান। তাই প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি ১১ পয়েন্টও কেটে নেওয়া হয়েছে।
আইসিসির ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে এই শাস্তি দিয়েছেন পাকিস্তানকে। দুই আম্পায়ার পল রাইফেল ও ক্রিস গ্যাফানে, তৃতীয় আম্পায়ার আলাউদ্দিন পালেকর ও চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেনের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে এই শাস্তি দিয়েছেন তিনি।
আইসিসি তাদের বিবৃতিতে বলেছে, ‘এই শাস্তির অর্থ পাকিস্তান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সকলের নিচে নেমে গেছে। আইসিসির ২.২২ ধারা অনুযায়ী মন্থর বোলিং করলে ক্রিকেটারদের ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত কেটে নেওয়া যেতে পারে। পাশাপাশি ১৬.১১.২ ধারা অনুযায়ী প্রতি ওভারের জন্য ১ পয়েন্ট করে কেটে নেওয়া হতে পারে। তাই পাকিস্তানের ১১ পয়েন্ট কাটা হয়েছে।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নয় দলের মধ্যে নবম স্থানে রয়েছে পাকিস্তান। ৯ টেস্টের মধ্যে ২টি জিতেছে তারা। বাকি ৭টি টেস্ট হেরেছে। সব মিলিয়ে ১৯ পয়েন্ট কাটা হয়েছে তাদের।
ফলে বাবরদের পয়েন্ট এখন মাত্র ৫। তাদের পয়েন্টের শতাংশ ৪.৬৩। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে কোনও দল এত খারাপ পয়েন্ট ও পয়েন্টের শতাংশে থাকেনি।
আইএইচএস/


