আমরা জনগণের ভোটে নির্বাচিত, তাই আমাদের গলায় শক্তি বেশি
জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউস বলেন, ‘আমরা দিনের ভোটে নির্বাচিত। রাতের ভোটে নির্বাচিত না কিংবা প্রশাসনের ভোটে নির্বাচিত না। তাই আমাদের গলায় শক্তি বেশি। কারণ আগে যারা অবৈধ ভাবে ক্ষমতায় ছিলো তাদের গলায় শক্তি ছিলো না। তারা বেশি গলাবাজি করলে এসপিরা বলতো এত লাফান কেন। পুলিশ আগের রাতেই ভোট দিয়ে দিসে। এটাই সত্য। আর বর্তমান সময় ডিসি এসপি বলতে পারবে না যে দুইটা ভোটও কাউকে দিসে। সেটা বাংলাদেশের কোনো অফিসারও বলতে পারবে না। কারণ ভোট গ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবে।
ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছে। তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। ধানের শীষ সর্বোচ্চ ভোট পেয়ে সরকার গঠন করেছে। সুতরাং আমরা আপনাদের সঙ্গে নিয়ে কাজ করব ৷ ছাত্র জীবনে কে কোন দল করেছেন সেটা বিবেচনা করলে কাজ কেমনে করব। সুতরাং আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ গড়তে সবাই মিলে।’
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এসপি মহোদয়ের মাধ্যমে ওসিদের বলতে চাই, গায়েবি মামলা, ভূতরি মামলা, ঘটনার সঙ্গে সম্পৃক্ত না, বিএনপি যা ফেস করেছে এগুলো যাতে এখন না হয়, এটা মাথায় রাখবেন। তবে কোনো আসামী যাতে বুক ফুলিয়ে হাঁটতে না পারে সেই দিকেও নজর রাখবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কায়ছার আহমেদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
লিপসন আহমেদ/কেজে/এএসএম


