নারায়ণগঞ্জ জেলা-মহানগর হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঐতিহাসিক ডিআইটি মসজিদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫১ সদস্য বিশিষ্ট জেলা ও মহানগরীর পৃথক দুটি কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে হেফাজতভুক্ত ইসলামী দল, বিভিন্ন থানা থেকে নেওয়া তালিকা ও বড় মাদ্রাসাগুলো ও তাবলীগ জামাতের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। উভয় কমিটিতে কয়েকটি পদ খালি রাখা হয়েছে, যা পরবর্তীতে পূর্ণ করে জানিয়ে দেওয়া হবে।
জেলা কমিটিতে সভাপতি করা হয়েছে ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়ালকে। তিনি কেন্দ্রীয় কমিটিরও নায়েবে আমীর। এর আগেও জেলা কমিটির সভাপতি ছিলেন। সেই সঙ্গে আমলাপাড়া মাদরাসার মাওলানা আব্দুল কাদেরকে জ্যেষ্ঠ সহ সভাপতি, মাদানীনগর মাদরাসার মুফতি বশিরউল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
একই সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান (সোনারগাঁ), অর্থ সম্পাদক মাওলানা খোরশেদ আলম কাসেমী এবং প্রচার সম্পাদক মুফতি শেখ শিব্বিরের নাম ঘোষণা করা হয়েছে।
এদিকে হেফাজতে ইসলামের মহানগর কমিটির সভাপতি হয়েছেন মুফতি জাকির হোসেন কাসেমী, অন্যদিকে সাধারণ সম্পাদক করা হয়েছে দেওভোগ মাদরাসার মাওলানা আব্দুর রহমানকে। এছাড়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশীদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ ইবনে আউয়াল।
জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল বলেন, আমরা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো সামনের দিকে এগিয়ে যাবো। সেই সাথে ইসলামের বিপক্ষে যারা থাকবে তাদের দাঁত ভাঙ্গা জওয়াব দেয়ার জন্য হেফাজতে ইসলাম আছে এবং থাকবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য কাজ করে যাবো।
এদিকে এই কমিটিতে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলগুলোর নেতাদের দল উল্লেখ করে পদ দেওয়া হলেও জামায়াতে ইসলামীর কোনো নেতাকে রাখা হয়নি।
জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল বলেন, আমাদের উলামায়ে দেওবন্দের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত মতে জামায়াতে ইসলামকে আমরা ইসলামী দল হিসেবে স্বীকৃতি দেইনি বিধায় হেফাজতে ইসলামের কমিটিতে নিতে পারিনি। তারা যতদিন পর্যন্ত নিজেদের ইসলামী দল হিসেবে নিজেদের অবস্থান পরিস্কার না করবে আমরা তাদের ব্যাপারে সেভাবেই থাকবো।
মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর

