চট্টগ্রাম থেকে নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গ্রেফতার ৬
চট্টগ্রাম থেকে ডাকাতি করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ গিয়ে ধরা পড়েছেন ছয় ডাকাত। এসময় তাদের কাছ থেকে তালা কাটার যন্ত্র, মুখ বাঁধার গামছা ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ডাকাতির প্রস্তুতির মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। এরআগে ভোরের দিকে চরএলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকলমী বাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সোনাইছড়ি এলাকার রফিকুল ইসলাম (৫৭), কুমিল্লার কোতোয়ালি থানার রাজগঞ্জ এলাকার মইনুল ইসলাম (২৮), সীতাকুণ্ডের জাহানাবাদ এলাকার মিজানুর রহমান (২৫), কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চরকলমী এলাকার নুর নবী (৩৯), একই এলাকার নুর মোহাম্মদ (৩২) এবং গাড়িচালক সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার আজিজুল মোস্তফা (৩৫)।
পুলিশ জানায়, রাতে চরকলমী বাজার এলাকায় রাত্রিকালীন টহল দেওয়ার সময় একটি সিলভার রঙের প্রোবক্স গাড়ি দেখে উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাসের সন্দেহ হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে চালকসহ ছয়জনকে আটক করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে তালা ভাঙার যন্ত্র ও কয়েকটি গামছা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ ও আজিজুল মোস্তফার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। তারা চট্টগ্রাম থেকে নোয়াখালী এসেছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে। বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন। জব্দ করা মাইক্রোবাস থানা হেফাজতে আছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম



