ডেঙ্গু প্রতিরোধে শাবিপ্রবি ছাত্রদলের মশক নিধন কর্মসূচি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাসে মশক নিধন কর্মসূচি করেছে শাখা ছাত্রদল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সাধারণ সম্পাদক নাঈম সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, শাবিপ্রবি ক্যাম্পাসে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। বিষয়টি প্রশাসনকে অবগত করে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মশক নিধন কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
কর্মসূচির বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ ও নিরাপদ শিক্ষাঙ্গণ গড়তে অঙ্গীকারবদ্ধ। সম্প্রতি আমরা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও একটি মশকমুক্ত সুন্দর ক্যাম্পাস উপহার দিতে শাবিপ্রবি ছাত্রদল তাদের সেবামূলক রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখবে। শাবিপ্রবির সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের এ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে সার্বিক সহযোগিতা করার জন্য।
এসএইচ জাহিদ/এসজেডএইচ/এএসএম


