দ্বিতীয় বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ দ্বিতীয়বার বিয়ে করেছেন। কোটিপতি অর্থ ব্যবস্থাপক ক্যামেরন ও’রেইলির সঙ্গে তার বিয়ের খবর নিশ্চিত করেছে জেমাইমার পরিবার। ৫২ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা জেমিমা এর আগে পাকিস্তানের ক্রিকেট তারকা থেকে রাজনীতিক হয়ে...

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ দ্বিতীয়বার বিয়ে করেছেন। কোটিপতি অর্থ ব্যবস্থাপক ক্যামেরন ও’রেইলির সঙ্গে তার বিয়ের খবর নিশ্চিত করেছে জেমাইমার পরিবার।

৫২ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা জেমিমা এর আগে পাকিস্তানের ক্রিকেট তারকা থেকে রাজনীতিক হয়ে ওঠা ইমরান খানের সঙ্গে প্রায় নয় বছর সংসার করেছেন। ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

এই দম্পতির দুই ছেলে- সুলায়মান খান ও কাসিম খান। বর্তমানে রাওয়ালপিন্ডির কারাগারে থাকা বাবার স্বাস্থ্যের বিষয়ে এই দুই যুবক নিয়মিত প্রচারণা চালিয়ে আসছেন।

জেমাইমার ভাই বেন গোল্ডস্মিথের স্ত্রী জেমিমা জোন্স ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানান। স্বামীর সঙ্গে তোলা ওই ছবির ক্যাপশনে তিনি লেখেন, জেমিমা ও ক্যামেরনের বিয়ে উদযাপন করছি। আমার প্রিয় সঙ্গীকে সঙ্গে নিয়ে- কী আনন্দের দিন!

৬২ বছর বয়সী ক্যামেরন ও’রেইলি আইরিশ-অস্ট্রেলীয় ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে, গত সপ্তাহান্তে এক জমকালো অনুষ্ঠানে জেমিমা ও ও’রেইলি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের প্রতি দুজনের অভিন্ন আগ্রহ থেকেই তাদের পরিচয় ও সম্পর্কের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

জেমিমা গোল্ডস্মিথ ‘ইনস্টিংক্ট প্রোডাকশন্স’ নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠান ও চলচ্চিত্র লিখেছেন ও প্রযোজনা করেছেন। এর মধ্যে শেখর কাপুর পরিচালিত আন্তঃসাংস্কৃতিক রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?’-ও রয়েছে।

এছাড়া তিনি ‘দ্য নিউ স্টেটসম্যান’ ও ‘ভ্যানিটি ফেয়ার’-এর মতো প্রকাশনায় সম্পাদনা ও লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। মানবাধিকার ইস্যুতেও তিনি সরব।

গত মাসেই পাকিস্তানে ইমরান খানের কারাবাসের বিষয়টি সামনে এনে ও দুই ছেলের প্রচারণার প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন জেমিমা।

পোস্টে তিনি লেখেন, এটি আর শুধু পাকিস্তানের রাজনৈতিক বিষয় নয়। এটি এখন মানবাধিকারের জরুরি সংকট।

ইমরান খানের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘ সম্পর্কের কথাও তুলে ধরেন জেমিমা। তিনি বলেন, ইমরানের সঙ্গে যুক্তরাজ্যের গভীর ও আজীবনের সম্পর্ক রয়েছে। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, বিশ্ববিদ্যালয়টির ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন ও ইংল্যান্ডে বহু বছর কাউন্টি ক্রিকেট খেলেছেন। যুক্তরাজ্যের সঙ্গে তার সম্পর্ক পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত।

জেমিমা আরও বলেন, ইমরানের দাতব্য কর্মকাণ্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এর মধ্যে পাকিস্তানে দেশটির একমাত্র বিনামূল্যের ক্যানসার হাসপাতাল নির্মাণ ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ও রয়েছে।

ইমরান ও জেমিমার দুই ছেলে সুলায়মান ও কাসিম যুক্তরাজ্যের নাগরিক বলেও জানান তিনি। জেমিমার অভিযোগ, হাজার হাজার মাইল দূর থেকে তাদের বাবার স্বাস্থ্যের অবনতি দেখতে বাধ্য হচ্ছেন তারা।

তার ভাষ্য, ছেলেদের ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, তাদের ভিসা দেওয়া হয়নি। এমনকি, সরকারি কর্মকর্তারা প্রকাশ্যে তাদেরও গ্রেফতারের হুমকি দিয়েছেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বাবার সঙ্গে নিয়মিত ফোনে কথা বলার সুযোগ থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

এসএএইচ

Original Source
https://www.jagonews24.com/international/news/1157257
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World