স্বর্ণজয়ী সতীর্থদের সঙ্গে দুপুরে আড্ডায় মাতবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
কেউ তখন ছিলেন গোলরক্ষার শেষ প্রহরী, কেউ মাঝমাঠের কারিগর, কেউ আবার প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়ানো ফরোয়ার্ড। তাদের পায়ের জাদু আর সম্মিলিত লড়াইয়ে ২০১০ সালে ঢাকার মাটিতে দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ান গেমস ফুটবলের স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। সেই দলের অধিনায়ক ছিলেন আমিনুল হক। পনেরো-ষো...

কেউ তখন ছিলেন গোলরক্ষার শেষ প্রহরী, কেউ মাঝমাঠের কারিগর, কেউ আবার প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়ানো ফরোয়ার্ড। তাদের পায়ের জাদু আর সম্মিলিত লড়াইয়ে ২০১০ সালে ঢাকার মাটিতে দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ান গেমস ফুটবলের স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। সেই দলের অধিনায়ক ছিলেন আমিনুল হক।

পনেরো-ষোলো বছর আগের সেই সাফল্যের পর অনেক কিছুই বদলে গেছে। মাঠের সেই তরুণরা এখন জীবনের ভিন্ন ভিন্ন অধ্যায়ে। আর অধিনায়ক আমিনুল হক এখন শুধু সাবেক ফুটবলার নন, দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্বে থাকা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। পুরো ক্রীড়াঙ্গনেরই অধিনায়ক।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর স্বর্ণজয়ী দলের অনেক সতীর্থের সঙ্গেই বিচ্ছিন্নভাবে দেখা হয়েছে তার। কখনো কাজের ব্যস্ততায়, কখনো কোনো অনুষ্ঠানে। কিন্তু ২০১০-এর সেই দলটিকে একসঙ্গে নিয়ে বসা হয়নি। এবার সেই সুযোগই তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে এক ছাদের নিচে বসছেন সেই স্বর্ণজয়ী দলের সদস্যরা। আনুষ্ঠানিকভাবে আয়োজনটির নাম ‘মতবিনিময়’। তবে এটি যে শুধু আনুষ্ঠানিক মতবিনিময়ে সীমাবদ্ধ থাকবে না, তা বলাই যায়। দীর্ঘদিন পর দেখা হওয়া সতীর্থদের মধ্যে জমবে পুরোনো দিনের গল্প, স্মৃতিচারণ আর আড্ডা।

স্থানটিও যেন এই মিলনমেলার আবেগকে আরও বাড়িয়ে দিচ্ছে। ঢাকা জাতীয় স্টেডিয়ামের গা ঘেঁষে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে বসবেন আমিনুল হক ও তার সাবেক সতীর্থরা। যে মাঠের সবুজ ঘাসে একদিন স্বর্ণজয়ের উল্লাসে মেতেছিলেন তারা। তার পাশেই ফিরবে সেই সোনালি দিনের স্মৃতি।

মামুনুল ইসলাম, জাহিদ হাসান এমিলি, ওয়ালি ফয়সাল, জাহেদ পারভেজ চৌধুরী, এনামুল হক, আতিকুর রহমান মিশুসহ দলের অনেক পরিচিত মুখ থাকবেন এই আয়োজনে। একসময় যারা একই ড্রেসিংরুম ভাগ করে নিয়েছেন, একই লক্ষ্যে মাঠে নেমেছেন, আজ তারা কেউ সাবেক খেলোয়াড়, কেউ সংগঠক, কেউ কোচিংয়ের সঙ্গে যুক্ত। কিংবা কেউ ব্যবসায়।

১৯৯৯ সালে কাঠমান্ডুতে প্রথমবার দক্ষিণ এশিয়ান গেমস ফুটবলে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১০ সালে ঢাকায় সেই সাফল্যের পুনরাবৃত্তি। ঘরের মাঠে স্বর্ণজয়ের সেই দলের অধিনায়ক ছিলেন আমিনুল হক। জাতীয় দলের গোলপোস্টের নিচে দাঁড়িয়ে যিনি অসংখ্যবার বাংলাদেশকে রক্ষা করেছেন, আজ তিনিই দেশের ক্রীড়াঙ্গনের নীতিনির্ধারণের দায়িত্বে।

তাই আজকের ‘মতবিনিময়’ কেবল একটি আনুষ্ঠানিক সভা নয়; এটি হতে যাচ্ছে একটি প্রজন্মের ফুটবল-স্মৃতির পুনর্মিলন। হয়তো আলোচনার ফাঁকে উঠবে সেই ফাইনালের গল্প, ফিরে আসবে গোলের মুহূর্ত, ড্রেসিংরুমের হাসি-ঠাট্টা। আর স্বর্ণজয়ী সেই দলের অধিনায়ককে ঘিরে সতীর্থদের আড্ডায় কিছু সময়ের জন্য হলেও ফিরে আসবে ২০১০-এর সেই সোনালি দুপুর।

২০১০ ঢাকা এসএ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশ দল

গোলরক্ষক: আমিনুল হক, মাজহারুল ইসলাম হিমেল।

রক্ষণভাগ: মামুন মিয়া, আরিফুল ইসলাম, নাসিরুল ইসলাম নাসির, আতিকুর রহমান মিশু, মিন্টু শেখ, ওয়ালি ফয়সাল, রেজাউল করিম।

মিডফিল্ড: মামুনুল ইসলাম, ইমতিয়াজ সুলতান জিতু, জাহেদ পারভেজ চৌধুরী, শাকিল আহমেদ, জাহিদ হোসেন, আব্দুল বাতেন মজুমদার কোমল, মো. ইউসুফ।

আক্রমণভাগ: মিঠুন চৌধুরী, তৌহিদুল আলম সবুজ, মোহাম্মদ এনামুল হক, জাহিদ হাসান এমিলি।

কোচ: জোরান জর্জেভিচ (সার্বিয়া)।

আরআই/আইএন

Original Source
https://www.jagonews24.com/sports/news/1157291
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World