আলাউদ্দিন খাঁর প্রপৌত্রের সরোদে চট্টগ্রামে নেমেছিল মুগ্ধতার সন্ধ্যা
সুর, সাধনা, ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধনে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো শাস্ত্রীয় সংগীতের মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ‘স্বর-আস্থা সমর্পণ’। অনুষ্ঠানে ভারতের বিশিষ্ট সরোদশিল্পী ও সুরসম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র সিরাজ আলী খাঁনের নান্দনিক সরোদ পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।
আস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল আদিবাসী, অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারীসহ সমাজের বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। সংগীতকে মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে তুলে ধরতেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সরোদ পরিবেশন করেন মার্কিন নাগরিক ও মাইহার ঘরানার শিল্পী ট্যানার পোলেডনাক এবং ভারতের মাইহার ঘরানার শিল্পী সিরাজ আলী খাঁন। তাদের সঙ্গে তবলা সংগত করেন নুসরাত-ই-জাহান খুশবু ও ফাহমিদা নাজনীন।
সরোদ ও তবলার সুর, তাল ও লয়ের অনবদ্য সমন্বয়ে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন। শাস্ত্রীয় সংগীতের গভীরতা ও নান্দনিকতা উপভোগ করেন উপস্থিত সংস্কৃতিপ্রেমীরা।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন লালন দর্শনের আধ্যাত্মিক সাধক শাইজী ফকির শামসুল শাহ। তার উপস্থিতি ও আশীর্বাদ আয়োজনের সাংস্কৃতিক আবহে যোগ করে ভিন্ন মাত্রা।

শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্যের সঙ্গে মানবিকতার বার্তাকে একসূত্রে গেঁথে ‘স্বর-আস্থা সমর্পণ’ চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে সৃষ্টি করে এক বিশেষ আবহ। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা, সংগীতের নান্দনিকতা এবং সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়- সব মিলিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয় এক সাংস্কৃতিক সন্ধ্যা।
এলআইএ