দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিকে নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীন জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে একজনকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ।
সূত্র জানায়, সীমান্ত পিলার ১৫২/১০-এস থেকে আনুমানিক ১২০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের নার্সারীপাড়া ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে জামালপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নিয়ে পুশ-ইন প্রতিহত করেন।
পরে মঙ্গলবার সকালে বিএসএফ ওই ব্যক্তিকে নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। তবে ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
আল-মামুন সাগর/এসজেডএইচ/জেআইএম