হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু
শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রথমবারের মতো বাস সেবা চালু করেছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুটি একতলা বাস বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় সংযোজনের মাধ্যমে এ সেবা চালু করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বাস দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী ছাত্রবিষয়ক উপদেষ্টা (ভারপ্রাপ্ত) ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. জাকারিয়া চৌধুরী অনিক, সহকারী প্রক্টর (ভারপ্রাপ্ত) তৌকির আহামেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, বাস সংযোজনের ফলে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা-যাওয়ার ক্ষেত্রে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ সৃষ্টি হবে। একই সঙ্গে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের পথও সুগম হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে পাঁচটি শিক্ষাবর্ষে ১৭৩ জন ছাত্র ও ১৯৬ জন ছাত্রীসহ মোট ৩৬৯ জন শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমে যুক্ত রয়েছেন। হবিগঞ্জের ধুলিয়াখাল এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হল এবং পোদ্দার বাড়ি এলাকায় অবস্থিত অস্থায়ী ছাত্র হল থেকে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস ও হবিগঞ্জ শহরে নির্ধারিত সময়ে নিয়মিত যাতায়াত করবে বাস দুটি।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষা সফর, মাঠ পরিদর্শন ও ব্যবহারিক শিক্ষা কার্যক্রমেও বাস দুটি ব্যবহার করা হবে। এতে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত ও কার্যকর হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় প্রথমবারের মতো বাস সংযোজনকে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এনএইচআর


