বর্ডার গার্ড বাংলাদেশে চাকরি পাওয়ার সহজ উপায়
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলাদেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত দেশের ঐতিহ্যবাহী ও সর্বপ্রাচীন আধাসামরিক বাহিনী। প্রতি বছর ২০ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উদযাপিত হয়। ২০১৬ সালে এই বাহিনীতে সর্বপ্রথম নারী সৈনিক যুক্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিজিবি পরিচালিত হয়। শারীরিক ফিটনেস এবং কিছু যোগ্যতা থাকলে আপনিও পেতে পারেন বিজিবিতে সিপাহী (জিডি) পদে চাকরির সুযোগ। শারীরিক ফিটনেস, যোগ্যতা, বিজিবিতে চাকরির সুযোগ-সুবিধাগুলো বিস্তারিত আলোচনা করা হলো।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মূল কাজ কী?
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মূল কাজ হলো বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা রক্ষা করা এবং দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ করা। শান্তি ও যুদ্ধকালীন সময়ে বিজিবির প্রধান দায়িত্বগুলো নিচে দেওয়া হলো:
- সীমান্ত পাহারা: বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষিত রাখা এবং অবৈধ অনুপ্রবেশ রোধ করা।
- অপরাধ দমন: সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার এবং নারী ও শিশু পাচার রোধ করা।
- আইনশৃঙ্খলা রক্ষা: দেশের অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং যে কোনো সংকটে বেসামরিক প্রশাসনকে সহায়তা করা।
- যুদ্ধকালীন ভূমিকা: যুদ্ধ বা জাতীয় সংকটের সময়ে বাংলাদেশ সেনাবাহিনীকে সহায়তা করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আধা-সামরিক বাহিনী হিসেবে কাজ করা।
- অন্যান্য দায়িত্ব: সরকার কর্তৃক সময় সময় অর্পিত অন্য যে কোনো দায়িত্ব সুচারুরূপে পালন করা।
এছাড়াও শান্তিকালীন সময়ে দূরবর্তী ও বিচ্ছিন্ন অঞ্চলে সরকারি কর্তৃত্ব বজায় রাখা এবং প্রাকৃতিক দুর্যোগের পর ত্রাণ ও পুনর্বাসন কাজে প্রশাসনকে সহায়তা করা বিজিবির অন্যতম নিয়মিত কর্তব্য।
বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সিপাহী (জিডি) পদে নির্বাচন প্রক্রিয়া ও প্রধান প্রধান যোগ্যতা
বিজিবির নির্বাচন প্রক্রিয়া কয়েকটি ধাপে অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়
১. প্রাথমিক শারীরিক পরীক্ষা
২. লিখিত পরীক্ষা
৩. চূড়ান্ত মেডিকেল পরীক্ষা
৪. মৌখিক পরীক্ষা (ভাইভা)
বিজিবিতে সিপাহী (জিডি) পদে নিয়োগের জন্য প্রাথমিক শারীরিক পরীক্ষা
বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সিপাহী (জিডি) পদে নিয়োগের জন্য প্রথমে শারীরিক ও প্রারম্ভিক স্বাস্থ্য পরীক্ষা, এরপর লিখিত পরীক্ষা এবং সর্বশেষ ব্যবহারিক ও মৌখিক (ভাইভা) পরীক্ষা নেওয়া হয়।
শারীরিক ও প্রারম্ভিক স্বাস্থ্য পরীক্ষা
সিপাহী (জিডি) পদের জন্য মাঠ পর্যায়ে শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার ধাপগুলো বিস্তারিত দেওয়া হলো:-
- দৌড়: নির্দিষ্ট দূরত্বের দৌড় (সাধারণত ১০০ মিটার এবং ১৬০০ মিটার বা নির্ধারিত সময়ে দীর্ঘ দৌড়)।
- লাফ ও পুশ-আপ: হাই জাম্প, লং জাম্প এবং পুশ-আপ বা শারীরিক কসরত।
- শারীরিক মাপ: উচ্চতা, ওজন এবং বুকের মাপ সঠিক আছে কিনা তা যাচাই করা হয়।
- নক-নি: দুই হাঁটু একে অপরের সাথে লেগে যায় কিনা (নক-নি সমস্যা)।
- ফ্ল্যাট ফুট: পায়ের তলা সম্পূর্ণ সমান বা চেপ্টা কি না।
- অন্যান্য শারীরিক ত্রুটি: হাত বা আঙুল কাটা, বাঁকা বা অতিরিক্ত আঙুল এবং বাহু বা পায়ে বড় কোনো ক্ষত বা হাড়ের সমস্যা আছে কি না।
ইন্দ্রিয় ও বিশেষ পরীক্ষা
- দৃষ্টিশক্তি: সাধারণত ৬/৬ দৃষ্টিশক্তি প্রয়োজন হয়। দূরের ও কাছের লেখা পড়া এবং চোখ ট্যারা আছে কি না তা দেখা হয়।
- বর্ণান্ধতা: রঙ চেনার ক্ষমতা ঠিক আছে কি না (ইশিহারা চার্ট দিয়ে পরীক্ষা করা হয়)।
- শ্রবণশক্তি: কানে কম শোনার সমস্যা বা কানে পুঁজ/পানি পড়ার মতো কোনো রোগ আছে কি না।
- দাঁত: মাড়ির সুস্থতা এবং চর্বণ উপযোগী পর্যাপ্ত দাঁত আছে কি না।
শারীরিক উচ্চতা:
পুরুষ প্রার্থীদের শারীরিক যোগ্যতা
- উচ্চতা: সাধারণ ও অন্যান্য পদের প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৮ মিটার); ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬৩ মিটার)।
- বুক: সাধারণ প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।
- ওজন: সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য কমপক্ষে ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের জন্য ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)
নারী প্রার্থীদের শারীরিক যোগ্যতা
- উচ্চতা: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি (১.৫৭৪ মিটার); ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট (১.৫২৪ মিটার)।
- বুক: বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।
- ওজন: কমপক্ষে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) বা প্রার্থীর উচ্চতা অনুযায়ী উপযুক্ত শারীরিক ওজন।
অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা:
- বয়সসীমা: নারী-পুরুষ উভয় প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
- বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত নয়)।

নার্স হিসেবে ক্যারিয়ার গড়বেন যেভাবে
বিজিবিতে সিপাহী (জিডি) পদে নিয়োগ পেতে লিখিত পরীক্ষা
বিজিবিতে নিয়োগ পেতে শিক্ষাগত যোগ্যতা
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সবচেয়ে জনপ্রিয় পদ সিপাহী (জিডি)। এই পদে আবেদনের জন্য পুরুষ ও মহিলা উভয় প্রার্থীকেই এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহী (জিডি) পদে লিখিত পরীক্ষা সাধারণত বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চারটি বিষয়ের ওপর মোট ১০০ নম্বরের হয়ে থাকে। পরীক্ষার প্রশ্ন সাধারণত এসএসএসসি বা সমমান স্তরের হয়ে থাকে। এই চারটি বিষয়ে এসএসসির সিলেবাস অনুযায়ী সুনির্দিষ্ট ও নিয়মিত প্রস্তুতি নিতে হবে।
বাংলা (২৫ নম্বর)
ব্যাকরণ: কারক-বিভক্তি, সমাস, সন্ধি, প্রত্যয়, উপসর্গ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, বাগধারা, এককথায় প্রকাশ, শুদ্ধ বানান ও বাক্য সংকোচন।
সাহিত্য ও রচনা: অনুচ্ছেদ লিখন বা ছোট আকারে ভাবসম্প্রসারণ/সারসংক্ষেপ।
ইংরেজি (২৫ নম্বর)
গ্রামার: পার্টস অফ স্পিচ, টেনস, সাবজেক্ট- ভার্ব এগ্রিমেন্ট, প্রিপজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন।
ভোকাবুলারি অ্যান্ড কম্পোসিশন: অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সিনোনিম-এন্টোনিম, কারেকশন, ট্রান্সলেশন (বাংলা টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু বাংলা) এবং সিম্পল প্যারাগ্রাফ রাইটিং।
গণিত (২৫ নম্বর)
পাটিগণিত: ঐকিক নিয়ম, শতকরা, লাভ-ক্ষতি, সুদকষা (সরল সুদ), অনুপাত-সমানুপাত, গড়, কাজ ও সময়।
বীজগণিত: উৎপাদক নির্ণয়, সূচক ও লগারিদম, মান নির্ণয় এবং সাধারণ সমীকরণ।
জ্যামিতি: রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা, পিথাগোরাসের উপপাদ্য এবং ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়।
সাধারণ জ্ঞান (২৫ নম্বর)
বাংলাদেশ বিষয়াবলি: মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহাসিক স্থান ও ভাষা আন্দোলন, সংবিধানের প্রাথমিক ধারণা, ভৌগোলিক পরিচিতি ও বাংলাদেশের অর্জন।
আন্তর্জাতিক বিষয়াবলি: বিশ্বের প্রধান দেশগুলোর রাজধানী, মুদ্রা, আন্তর্জাতিক সংস্থা, সাম্প্রতিক ও চলমান ঘটনাবলি।
বিজ্ঞান ও প্রযুক্তি: দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও সাধারণ তথ্য।
চূড়ান্ত মেডিকেল পরীক্ষা
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের অত্যন্ত নিখুঁতভাবে বিভিন্ন ল্যাব টেস্টের (রক্ত, প্রস্রাব, এক্স-রে ইত্যাদি) মাধ্যমে অভ্যন্তরীণ কোনো জটিল রোগ আছে কি না তা পরীক্ষা করা হয়।
মৌখিক (ভাইভা) পরীক্ষা
মেডিকেল টেস্টে সফল প্রার্থীরা ভাইভা বোর্ডে মুখোমুখি হন। এখানে প্রার্থীর বাচনভঙ্গি, মানসিক দক্ষতা, দেশপ্রেম ও সাধারণ বুদ্ধিমত্তা যাচাই করা হয়। সকল ধাপের নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।
মৌখিক পরীক্ষায় মূলত প্রার্থীর সাধারণ জ্ঞান, মানসিক দক্ষতা, বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্ব যাচাই করা হয়। এই পরীক্ষার মূল দিকগুলো হলো:
- ব্যক্তিগত পরিচিতি: নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, পরিবার এবং নিজ জেলা সম্পর্কে ধারণা।
- সাধারণ জ্ঞান ও বিজিবি সম্পর্কিত: বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান, জাতীয় বিষয়াবলি এবং বিজিবির ইতিহাস, দায়িত্ব, বর্তমান মহাপরিচালক ও সদর দপ্তর সম্পর্কে মৌলিক জ্ঞান।
- সংশ্লিষ্ট বিষয়: বাংলা ও ইংরেজি ভাষায় সাধারণ কথোপকথন বা ছোট প্রশ্নের উত্তর দেওয়ার দক্ষতা।
- মানসিক সক্ষমতা: উপস্থিত বুদ্ধিমত্তা এবং যে কোনো পরিস্থিতিতে শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
বিজিবিতে সিপাহী (জিডি) পদে নিয়োগের সময় যা যা সঙ্গে আনতে হয়
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহী (জিডি) পদে নিয়োগ বা মাঠ পরীক্ষার সময় (প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য ধাপে) যেসব কাগজপত্র ও জিনিসপত্র সঙ্গে রাখতে হয়:
মূল প্রবেশপত্র ও ফরম
অনলাইন থেকে ডাউনলোড করা বিজিবি প্রদত্ত প্রবেশপত্র (অ্যাডমিন কার্ড)।
বিজিবির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পূরণকৃত প্রার্থীদের তথ্যাদির ফরম।
শিক্ষাগত যোগ্যতার সনদ
- এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল সনদপত্র বা প্রভিশনাল সার্টিফিকেট এবং নম্বরপত্র (মার্কশিট)।
- সংশ্লিষ্ট স্কুল/কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র (যেটিতে জন্মতারিখ ও স্থায়ী ঠিকানা উল্লেখ থাকতে হবে)।
ব্যক্তিগত ও অন্যান্য সনদ
- জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্ম নিবন্ধন সনদ।
- ইউপি চেয়ারম্যান বা পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনারের দেওয়া স্থায়ী নাগরিকত্ব সনদ ও চারিত্রিক সনদ।
- অবিবাহিত সনদপত্র (চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত)।
- অভিভাবকের অনুমতিপত্র বা সম্মতিপত্র।
ছবি ও অন্যান্য
- সদ্য তোলা পাসপোর্ট সাইজ বা নির্দিষ্ট ল্যাব প্রিন্ট করা রঙিন ছবি (সাধারণত ১১ কপি সত্যায়িত ও অসত্যায়িত ছবি লাগে)।
- প্রথম শ্রেণির কার্মকর্তার স্বাক্ষরসহ প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি। পরীক্ষার মাঠে কলম, পেন্সিল ও ক্লিপবোর্ড সঙ্গে রাখা ভালো।
বিজিবিতে সিপাহী (জিডি) পদে নিয়োগ পরীক্ষার স্থান
বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সিপাহী (জিডি) পদে নিয়োগ পরীক্ষার নির্দিষ্ট স্থান, তারিখ ও সময় আগে থেকে সুনির্দিষ্ট থাকে না। বরং প্রার্থীদের আবেদন সম্পন্ন করার পর তা পরবর্তীতে মোবাইল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।
- পরীক্ষার স্থান: আপনি যে জেলা থেকে আবেদন করবেন, সেই জেলার নির্ধারিত বিজিবি ব্যাটালিয়ন বা নির্ধারিত ও নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- প্রবেশপত্র ও নোটিশ: পরীক্ষার ভেন্যু এবং তারিখ সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনার দেওয়া মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে এবং বিজিবি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিজিবিতে সিপাহী (জিডি) পদে চাকরির সুযোগ-সুবিধা ও ক্যারিয়ার
বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সিপাহী (জিডি) পদে জাতীয় বেতন স্কেলের পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী বাসস্থান, রেশন, সীমান্ত ভাতা, ঝুঁকি ভাতা, চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যায়।
চাকরির সুযোগ-সুবিধা
- বেতন স্কেল: ৯,০০০ – ২১,০০০ টাকা (গ্রেড-১৭)।
- রেশন: সরকারি নিয়ম অনুযায়ী পুষ্টিকর খাদ্য বা রেশন সুবিধা।
- বাসস্থান ও বাড়িভাড়া: নিজস্ব ব্যবস্থাপনায় বাসস্থান অথবা নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া ভাতা।
- চিকিৎসা সুবিধা: সদস্য ও তাদের পরিবারর জন্য ফ্রি চিকিৎসা ও ওষুধ সেবা।
- পোশাক-পরিচ্ছদ: চাকরির প্রয়োজনে ইউনিফর্ম ও অন্যান্য পোশাক বিনামূল্যে সরবরাহ করা হয়।
- অন্যান্য ভাতা: চাকরির নীতিমালা অনুযায়ী ঝুঁকি ভাতা, উৎসব বোনাস ও অন্যান্য সরকারি ভাতা।
- জাতিসংঘ শান্তি মিশন: বাংলাদেশ সেনাবাহিনীর মতো বিজিবি সদস্যদেরও জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে; যা অর্থনৈতিক ও পেশাগতভাবে অত্যন্ত লাভজনক।
- পদোন্নতি: যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে সিপাহী থেকে ল্যান্স নায়েক, নায়েক, হাবিলদার, নায়েব সুবেদার এবং সুবেদার মেজর পর্যন্ত পদোন্নতির চমৎকার সুযোগ রয়েছে।
- সন্তানদের শিক্ষা: বিজিবি পরিচালিত স্বনামধন্য স্কুল ও কলেজে সন্তানদের পড়াশোনার বিশেষ কোটা ও সুবিধা।
বিজিবিতে সিপাহী (জিডি) পদে কী কী সমস্যা থাকলে চাকরি হয় না?
প্রতিরক্ষা বা আধা-সামরিক বাহিনীতে শারীরিক সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহী (জিডি) পদে শারীরিক, মেডিকেল ও অন্যান্য যোগ্যতার মাপকাঠিতে কিছু নির্দিষ্ট সমস্যা বা ত্রুটি থাকলে প্রার্থীরা অযোগ্য বিবেচিত হন।
শারীরিক ও মাপের সমস্যা
- উচ্চতা কম থাকা: সাধারণ পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ২ ইঞ্চির কম হলে। (ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষ ও নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতার শিথিলতা রয়েছে)।
- ওজন কম বা বেশি হওয়া: নির্ধারিত উচ্চতার অনুরূপ শরীরের ওজন আদর্শ মাত্রা থেকে কম বা বেশি হলে।
- বুকের মাপ কম হওয়া: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চির কম হলে।
স্বাস্থ্য ও মেডিকেল সমস্যা
- দৃষ্টিশক্তি ও চোখের সমস্যা: চোখে কম দেখা, কালার অন্ধত্ব, টেরাচোখ বা চোখের অন্য কোনো বড় জটিল রোগ থাকলে। সাধারণত দূরের দৃষ্টি ৬/৬ হতে হয়।
- পা ও হাঁটুর সমস্যা: হাত বা পা কাটা/ভাঙা অথবা বাঁকা হাড়, চ্যাপ্টা পা কিংবা হাঁটু একত্রে লেগে যাওয়া সমস্যা থাকলে।
- হাতের সমস্যা: হাত কাঁপা, কনুই অতিরিক্ত বাঁকা হওয়া অথবা আঙুলে কোনো ত্রুটি থাকলে।
- দাঁতের সমস্যা: মাড়ি ও দাঁতের মারাত্মক অস্বাস্থ্যকর অবস্থা বা ফ্রন্টাল দাঁতের বড় ধরনের ত্রুটি থাকলে।
- শ্রবণ সমস্যা: কানে কম শোনা বা কানের পর্দায় ছিদ্র ও পুঁজ পড়ার সমস্যা থাকলে।
- জটিল রোগ: উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, হাঁপানি, মৃগী রোগ অথবা বড় কোনো অভ্যন্তরীণ বা সংক্রামক রোগ (যেমন হেপাটাইটিস বা যক্ষ্মা) থাকা।
- অন্যান্য: শরীরে অতিরিক্ত বা স্পষ্ট জন্মগত কাটা-ছেঁড়ার দাগ, শরীরের অপ্রয়োজনীয় স্থানে বড় কাটা দাগ বা ট্যাটু থাকলে।
অন্যান্য কারণ
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ না থাকলে।
- আইনি সমস্যা: প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের রেকর্ড বা আদালতে বিচারাধীন কোনো মামলা থাকলে।
- তথ্য গোপণ: স্বাস্থ্য পরীক্ষা বা পুলিশ ভেরিফিকেশনে ভুল বা অসত্য তথ্য প্রদান করলে।
- বৈবাহিক অবস্থা: সিপাহী পদে আবেদনের সময় প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

তরুণ বয়সেই গড়ে উঠুক ভবিষ্যতের ভিত্তি
বিজিবিতে সিপাহীদের (জিডি) ট্রেনিং
বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নির্বাচিত সিপাহী (জিডি) বা রিক্রুটদের মৌলিক প্রশিক্ষণ সাধারণত ২৪ সপ্তাহ অথবা প্রায় ৬ মাসব্যাপী হয়ে থাকে।
প্রশিক্ষণের স্থান ও বিবরণ
- প্রশিক্ষণ কেন্দ্র: চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত ঐতিহ্যবাহী বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে এই মৌলিক প্রশিক্ষণ পরিচালিত হয়।
- প্রশিক্ষণের মেয়াদ: সাধারণত ২৩ থেকে ২৪ সপ্তাহ ধরে অত্যন্ত কঠোর ও শৃঙ্খলাপূর্ণ শারীরিক ও কৌশলগত প্রশিক্ষণ দেওয়া হয়।
- অন্তর্ভুক্ত বিষয়সমূহ: সীমান্ত রক্ষা, অস্ত্র চালনা, ট্যাকটিকস বা যুদ্ধ কৌশল, শারীরিক কসরত, মানচিত্র পঠন (ম্যাপ রিডিং), বিজিবির আইন ও বিধিমালা এবং প্রাথমিক চিকিৎসা ইত্যাদি বিষয়ে হাতে-কলমে ও তাত্ত্বিক শিক্ষা দেওয়া হয়।
- সমাপ্তি: কঠোর প্রশিক্ষণ ও পরীক্ষা শেষে শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের (প্যারেড) মাধ্যমে তাদের আনুষ্ঠানিক সৈনিক জীবন শুরু হয়।
বিজিবিতে সিপাহী (জিডি) পদে আবেদন প্রক্রিয়া
বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সিপাহী (জিডি) পদে আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল এবং অনলাইন ভিত্তিক।
বিজিবিতে সিপাহী (জিডি) পদে আবেদন করার ধাপসমূহ
- ওয়েবসাইটে প্রবেশ: প্রথমে বিজিবির অফিসিয়াল নিয়োগ ওয়েবসাইটে জয়েন বর্ডার গার্ড প্রবেশ করতে হবে।
- নিবন্ধন ও ফরম পূরণ: ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করে আবেদন ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
- স্থায়ী ঠিকানা ব্যবহার: আবেদনের সময় অবশ্যই প্রার্থীর নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা (নিজ জেলা) ব্যবহার করতে হবে। কোনো ভাড়া বাসা বা অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা যাবে না।
- ইউজার আইডি সংগ্রহ: আবেদনপত্রটি সফলভাবে সাবমিট বা জমা দেওয়ার পর প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। এই আইডি এবং পাসওয়ার্ডটি ভবিষ্যতের জন্য অত্যন্ত সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে।
- আবেদন ফি প্রদান: টেলিটক প্রিপেইড মোবাইলের এসএমএসের মাধ্যমে আবেদন ফি বাবদ ৫৬ টাকা পরিশোধ করতে হবে।
- অ্যাডমিন কার্ড/প্রবেশপত্র ডাউনলোড: আবেদন প্রক্রিয়া শেষ হলে পরীক্ষার পূর্বে অ্যাডমিন কার্ড/প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
বিশেষ সতর্কবার্তা: বিজিবি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে, এই নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়। কোনো প্রকার আর্থিক লেনদেন, তদবির বা দালালের খপ্পরে পড়লে চাকরি তো হবেই না, উল্টো ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে। তাই কোনো প্রতারকের ফাঁদে না পড়ে নিজের যোগ্যতার ওপর ভরসা রাখাই বুদ্ধিমানের কাজ।
দেশমাতৃকার টানে এবং বীরত্বের সাথে জীবন গড়তে বিজিবি তরুণদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম। সঠিক প্রস্তুতি এবং শারীরিক ফিটনেস ধরে রাখতে পারলে চলমান ব্যাচেই যুক্ত হতে পারে আপনার নাম।
এমআইএইচ




