ভাঙ্গায় পথচারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি, গ্রেফতার ২

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কে পথচারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি)। এসআরবি বলছে, ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার সময় মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে থামালে গাড়ি পার্কিং নিয়ে অজ্ঞাতনামা স্থানীয়দের সঙ্গ...

ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কে পথচারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি)।

এসআরবি বলছে, ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার সময় মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে থামালে গাড়ি পার্কিং নিয়ে অজ্ঞাতনামা স্থানীয়দের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে গাড়িতে অবস্থানরত হামিদুল গাজী উত্তেজিত হয়ে পথচারীদের ভয়ভীতি দেখাতে এলোপাতাড়ি গুলি চালায়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা র‍্যাব-১ কার্যালয়ে আয়োজিত প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠানোর অভিযোগে মানবপাচার চক্রের চার সদস্য গ্রেফতার সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব বলেন এসআরবি-১ অধিনায়ক লে. কর্নেল মো. নেয়ামুল হালিম খান।

গ্রেফতার আসামিরা হলেন- গুলিবর্ষণকারী মো. হামিদুল গাজী (৪২) ও গাড়িতে থাকা নারী আরোহী ফাতেমা ইসলাম এনি (২৬)।

মো. নেয়ামুল হালিম খান বলেন, গত ১৭ আগস্ট রাতে আসামি হামিদুল গাজী তার কথিত বান্ধবী ফাতেমা ইসলাম এনিকে নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে একটি খয়েরি মেরুন রঙের প্রাইভেটকারে রওনা দেন। মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে গোপালগঞ্জে যাওয়ার পথে পান খাওয়ার উদ্দেশ্যে এক্সপ্রেসওয়ের পাশে থামালে গাড়ি পার্কিং নিয়ে অজ্ঞাতনামা স্থানীয় ব্যক্তিদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়।

তিনি বলেন, এক পর্যায়ে গাড়িতে অবস্থানরত হামিদুল গাজী উত্তেজিত হয়ে পথচারীদের ভয়ভীতি দেখাতে প্রাইভেটকারের ভেতরে থাকা অবৈধ অস্ত্র দিয়ে দুই রাউন্ড গুলিবর্ষণ করে এবং তাৎক্ষণিকভাবে দ্রুতগতিতে গোপালগঞ্জের দিকে চলে যায়। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা হয় বলেও জানান তিনি।

এসআরবি-১ অধিনায়ক বলেন, এ ঘটনায় প্রাথমিক সত্যতা যাচাই ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গুলিবর্ষণকারী চালক এবং নারী আরোহী ডিএমপির বনানী থানা এলাকার ইম্পেরিয়াল সুইস গার্ডেন হোটেলে অবস্থান করছে। পরে গতকাল (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে ইম্পেরিয়াল সুইস গার্ডেন হোটেলে অভিযান চালিয়ে গুলিবর্ষণকারী মো. হামিদুল গাজী (৪২) ও গাড়িতে থাকা নারী আরোহী ফাতেমা ইসলাম এনিকে (২৬) র‍্যাব গ্রেফতার করে।

গ্রেফতার আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের ব্যবহৃত গাড়িটি একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এছাড়া যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছিল তা উদ্ধারের কাজ চলমান।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে উদ্ধার করা গাড়ি ও আসামিদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমআরএম

Original Source
https://www.jagonews24.com/national/news/1157749
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World