যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন মাটিতে ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় আরও একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
হেলিকপ্টারটি এনবিসি লস অ্যাঞ্জেলেসের (KNBC-TV) মালিকানায় ছিল। এর নাম দেওয়া হয়েছিল ‘নিউজচপার৪’। একটি মেট্রো বাস ও আরেকটি গাড়ির মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের সংবাদ সংগ্রহ করছিল হেলিকপ্টারটি। লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় ঘটেছিল এই দুর্ঘটনা।
এরপর কাছাকাছি দুটি বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
হেলিকপ্টারটির ক্রুরা দুর্ঘটনার আগমুহূর্ত পর্যন্ত ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচার করছিলেন। সম্প্রচারের ভিডিওতে বিধ্বস্ত হওয়ার আগের মুহূর্তগুলো ধরা পড়ে।
হেলিকপ্টারটি নিচের দিকে নামতে শুরু করার কিছুক্ষণ আগে একটি সতর্ক সংকেতের মতো শব্দ শোনা যায়। এরপরই সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, হেলিকপ্টারটি একটি গাড়ি পার্কিংয়ের এলাকায় বিধ্বস্ত হয়। এ সময় পার্ক করে রাখা কয়েকটি গাড়িতে আঘাত লাগে।
দুর্ঘটনায় চারটি গাড়ি ও দুটি স্টোরেজ কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন কোনো ভবনে ছড়িয়ে পড়েনি।
ঘটনাস্থলে ৫০ জনের বেশি দমকলকর্মী পাঠানো হয়। পরে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
দুর্ঘটনার পর ধারণ করা ভিডিওতে হেলিকপ্টারটিকে আগুনে জ্বলতে দেখা যায়। দমকলকর্মীরা তখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন।
হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দুর্ঘটনাটি তদন্ত করতে পারে।
নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে কর্তৃপক্ষ এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
সূত্র: আল-জাজিরা
কেএএ/




