অন্য নারীর সঙ্গে প্রেমিক, ক্ষোভে গাড়ির বনেটে ঝাঁপ তরুণীর
প্রেমিক অন্য এক নারীর সঙ্গে পার্কে ঘুরতে গিয়েছেন। এমন খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে তার গাড়ির বনেটে উঠে প্রতিবাদ করলেন এক তরুণী। ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের জনেশ্বর মিশ্র পার্কে ঘটেছে এই ঘটনা। এরই মধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, খালি পায়ে এক তরুণী গাড়ির সামনের বনেটে উঠে রয়েছেন। তার শরীরের বেশির ভাগ অংশ গাড়ির সামনের দিকে ছড়িয়ে ছিল। গাড়িটি ধীরে ধীরে এগিয়ে চললেও তিনি গাড়ির বনেটে থেকেই প্রেমিককে থামানোর জন্য চিৎকার করতে থাকেন।
#BREAKING | Woman hit by car, dragged on bonnet after dispute in Lucknow NDTV's @AjayDindian joins @GargiRawat with more details https://t.co/UfB4kSLCh2
— NDTV (@ndtv) September 16, 2026
জানা গেছে, ওই তরুণীর প্রেমিক এক নারী বন্ধুকে নিয়ে জনেশ্বর মিশ্র পার্কে গিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে তরুণী সেখানে পৌঁছে যান। এরপর দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই ব্যক্তি দ্রুত নিজের গাড়িতে উঠে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন তরুণী গাড়ির সামনে গিয়ে বনেটে উঠে পড়েন এবং গাড়ি থামানোর জন্য জোরালোভাবে প্রতিবাদ করতে থাকেন।
ভিডিওতে তরুণীকে গাড়ির বনেটে হাত দিয়ে আঘাত করতে করতে বলতে শোনা যায়, আমি মরবো না। যা খুশি করো, গাড়ি থামাও।
কিন্তু ওই ব্যক্তি গাড়ি থামাননি। প্রথমে ধীরে ধীরে গাড়ি চালাতে থাকেন তিনি। এ সময় তরুণী গাড়ির বনেটের ওপর ছড়িয়ে ছিলেন এবং ক্রমাগত চিৎকার করছিলেন। তার পরনে ছিল কালো প্যান্ট ও সাদা টপ।
কিছুক্ষণ পর গাড়ির গতি বাড়িয়ে দেন চালক। একপর্যায়ে তরুণী গাড়ির সামনের অংশ থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এরপর গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।
ঘটনার পর ওই তরুণীর পক্ষ থেকে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে অভিযুক্তকে খোঁজা হচ্ছে। ঘটনার ভিডিওটিও তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
এমএসএম
