গোপন সংবাদে কোস্ট গার্ডের অভিযান, জব্দ ১০ হাজার ইয়াবা
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
এর আগে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে টেকনাফ থানাধীন ডেইলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল ডেইলপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা, নগদ ২ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আটক তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমআরএএইচ/এএমএ


