দৌড়ে পালানোর চেষ্টা, ধাওয়া দিয়ে আওয়ামী লীগ নেতাকে ধরলো পুলিশ
যশোরের কেশবপুরে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান আনিসকে আটক করেছে পুলিশ।
পুলিশের দাবি, তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, মাদক ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোছা. রোকসানা খাতুনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নে আনিসুর রহমান আনিসের বাড়িতে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে আনিস দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আনিসুর রহমান আনিস ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। স্থানীয় রাজনীতিতেও তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন বলেন, আটকের পর আনিসকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিলন রহমান/এসআর


